দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবেশবান্ধব জিগজ্যাগ ইটভাটার লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র পাওয়ার জটিলতা নিরসনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইটভাটা মালিকরা। এসব দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা।
শনিবার কুমিল্লার মায়ামি রিসোর্টে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কুমিল্লা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় এসব দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. এমরানুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মালিক সমিতির প্রধান উপদেষ্টা ফিরোজ হায়দার খান। এ সময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ হায়দার খান বলেন, ইটভাটা পরিচালনায় বিদ্যমান আইনি ও প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন করতে হবে। লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি মালিকদের ১০ দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, পরিবেশের ক্ষতি কমিয়ে ইট উৎপাদন অব্যাহত রাখতে বিদ্যমান আইন ও নীতিমালা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন। একই সঙ্গে ইটভাটা খাতে বিনিয়োগের নিরাপত্তা, ব্যাংকঋণসংক্রান্ত সমস্যা সমাধান এবং শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কুমিল্লা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন বলেন, পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ইটভাটা খাতের সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিক সমিতির মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
সভায় ইটশিল্পের বর্তমান পরিস্থিতি, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রসংক্রান্ত জটিলতা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বক্তারা পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ইটশিল্পের সঙ্গে জড়িত মালিক ও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এমএস/